শেরপুরে আবাসিক ভবনে তেল মজুদ
শেরপুর শহরের একটি ৫ তলা আবাসিক ভবনের নিচতলায় ২৫ হাজার লিটার তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুদ করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুদ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল।
বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় শেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে আবাসিক বাসার নিচে ডিজেলের মজুদের অপরাধে ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং একদিনের মধ্যে তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিয়ম না মেনে দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মেসার্স শিমলা ট্রেডার্সকে অর্থদণ্ড করা হয়েছে। সেইসাথে ডিজেলগুলো আগামীকাল বিকেলের মধ্যে সরিয়ে নেয়ার আদেশ দেয়া হয়েছে। যেহেতু এটা দাহ্য পদার্থ, তাই আবাসিক বিল্ডিং এ যারা রয়েছেন তাদের নিরাপত্তার জন্য দ্রুত সময়ের মধ্যেই সব করা হবে। আগামীকালের তেল সরিয়ে নেয়ার সময়েও আমাদের নজরদারি থাকবে। এছাড়াও তাদের অন্যান্য লাইসেন্সগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর পরবর্তী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।