রাজশাহীতে দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে অগ্নিকাণ্ড: ১৬ বছরের আর্কাইভ ভস্মীভূত
রাজশাহীর স্থানীয় দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মহানগরীর অলোকার মোড়ে অবস্থিত পত্রিকাটির কার্যালয়ের স্টোর রুম থেকে এই আগুনের সূত্রপাত হয়।
অফিস সূত্রে জানা গেছে, স্টোর রুমে সংরক্ষিত গত ১৬ বছরের পুরনো পত্রিকা, টেবিল ও সোফায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস রাজশাহীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস রাজশাহী অফিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর ওমর ফারুক জানান, প্রাথমিক ধারণামতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন বড় আকারে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।
দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত জানান, এই অগ্নিকাণ্ডে আনুমানিক দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে তার চেয়েও বড় ক্ষতি হয়েছে গত ১৬ বছরের সংরক্ষিত সব পত্রিকা সম্পূর্ণ পুড়ে যাওয়ায়। তিনি জানান, আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হবে।
এদিকে, এই ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল হাসনাত অমি। এক বিবৃতিতে তিনি বলেন, "একটি পত্রিকা অফিসের আর্কাইভ হলো তার দীর্ঘ পথচলার জীবন্ত ইতিহাস। ১৬ বছরের সংরক্ষিত পত্রিকা পুড়ে যাওয়া কেবল একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, বরং এটি রাজশাহীর আঞ্চলিক সাংবাদিকতার ইতিহাসের একটি বড় অংশের বিলুপ্তি। এই অপূরণীয় ক্ষতি সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়।"
আবুল হাসনাত অমি আরও বলেন, "সংবাদপত্র অফিসে প্রচুর পরিমাণে কাগজ ও দাহ্য পদার্থ থাকে, যা আগুনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে প্রতিটি পত্রিকা অফিসে আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা এবং বৈদ্যুতিক সংযোগগুলো নিয়মিত পরীক্ষা করা জরুরি।" তিনি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান এবং সোনার দেশ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।