বুধবার , ০৫ আগস্ট ২০২৬
 বুধবার , ০৫ আগস্ট ২০২৬

রাজশাহীতে চলন্ত অটোরিকশায় ছিনতাই

সার্জেন্ট শুভজিতের সাহসিকতায় আটক ১
আইকন
৩১ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
রাজশাহীতে চলন্ত অটোরিকশায় ছিনতাই

রাজশাহী মহানগরীর ব্যস্ততম নগর ভবন মোড়ে এক দুর্ধর্ষ ছিনতাইয়ের চেষ্টা নসাৎ করে দিয়েছেন ট্রাফিক সার্জেন্ট শুভজিৎ সরকার। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ধাওয়া করে এক ছিনতাইকারীকে আটকসহ উদ্ধার করেছেন ছিনতাই হওয়া মোবাইল ফোন।


গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে নগর ভবন মোড়ে (টাঙ্গো-১৩) ডিউটিরত ছিলেন সার্জেন্ট শুভজিৎ সরকার। এসময় হঠাৎ একটি চলন্ত অটোরিকশার ভেতর থেকে এক যাত্রীর চিৎকার শুনতে পান তিনি। মুহূর্তের মধ্যে এক ছিনতাইকারী মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট শুভজিৎ কালক্ষেপণ না করে তার পিছু ধাওয়া করেন।


রাস্তায় থাকা সাধারণ মানুষের সহযোগিতায় কিছুদূর ধাওয়া করার পর ছিনতাইকারীকে জাপটে ধরেন তিনি। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশ কন্ট্রোল রুমকে অবহিত করা হয় এবং টহল দল 'রোমিও-১৩' ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীকে তাদের হাতে সোপর্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মোবাইল ফোনটি যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।


কর্তব্যরত অবস্থায় সার্জেন্ট শুভজিতের এমন তাৎক্ষণিক পদক্ষেপ ও সাহসিকতা উপস্থিত সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ ও মহানগর পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে জানানো হয়।