নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ ক্ষুদ্র নৃগোষ্ঠী কৃষকের মর্মান্তিক মৃত্যু
নওগাঁর মহাদেবপুরে বালুভর্তি ডাম্প ট্রাকের ধাক্কায় ৫ জন কৃষক নিহত হয়েছেন। নিহতরা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য। আজ শনিবার ভোর ৪টা ২০ মিনিটে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাঠি শিবপুর মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আজ মহাদেবপুর হাটের দিন হওয়ায় ভোরে দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে হাটে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন কৃষক। পথে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছালে নজিপুরগামী একটি বালুভর্তি ডাম্প ট্রাক (রংপুর মেট্রো ট-১১০০০৪) ওই ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। এছাড়া সামন্ত (৩০) নামের এক ভ্যানচালক গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন— উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন (৫০), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) এবং অনিল পাহানের ছেলে বিপ্লব (২২)।
ভোরবেলার এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।