সেই স্বেচ্ছাসেবক দল নেতার সাংবাদিক কার্ড বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিক কার্ড বিতরণ নিয়ে বিতর্কের মধ্যে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মুহিত গাজীর সাংবাদিক কার্ড বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেলে পাঠানো এক গণ-বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে সিটি নিউজ রাজশাহীতে “রাজনৈতিক পরিচয়ে ও ফেসবুক পেজ খুলে পেল সাংবাদিক কার্ড” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে জেলা জুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরেও আসে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার স্বাক্ষরিত গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের কার্যালয় থেকে কার্ড প্রদান করা হয়েছে। কার্ড বিতরণ রেজিস্টারের ৪৫৮ নম্বর সিরিয়ালে অন্তর্ভুক্ত সাংবাদিক আবু মুহিত গাজীর কাগজপত্র যাচাইয়ে অসঙ্গতি পাওয়া যায়।
কাগজপত্র সঠিক না থাকায় তার আবেদন প্রাথমিকভাবে বাতিল হিসেবে রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়। তবে পরবর্তীতে ১১৫৯৬২ নম্বর কার্ডটি তার কাছে চলে যায়। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কার্ডটি স্বভাবতই অবৈধ হিসেবে বিবেচিত হবে এবং তিনি কোনো ভোটকেন্দ্রে এ কার্ড প্রদর্শন করতে পারবেন না।
এতে আরও বলা হয়, আবু মুহিত গাজী উক্ত কার্ড ব্যবহার করে কোনো ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আবু মুহিত গাজী সাতক্ষীরার তালা উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি অনিবন্ধিত ফেসবুক ভিত্তিক ‘এ ওয়ান’ টিভির পরিচয়ে সাংবাদিক কার্ড পেয়েছিলেন।