চারঘাটে কৃষকদল নেতার হাত-পায়ের রগ কে/টে জ/খম
রাজশাহীর চারঘাট উপজেলায় দুর্বৃত্তের চাপাতির হামলায় কৃষকদল নেতা বিরাজ আলী গুরুতর আহত হয়েছেন। হামলায় তার হাত ও পায়ের রগ কেটে যায়। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গোরস্তান এলাকার কালুহাটি–আড়ানী সড়কে এ ঘটনা ঘটে।
আহত বিরাজ আলী নিমপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক। তিনি রাজশাহী-৬ আসনে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদের নির্বাচনী কর্মী হিসেবে সক্রিয়ভাবে কাজ করছিলেন। নির্বাচন সংক্রান্ত কথাকাটাকাটির জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা হেলমেটধারী কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বিরাজ আলীর ওপর হামলা চালায়। চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন ফারুকী বলেন, “দুর্বৃত্তরা বিরাজ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।”
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, “আহত ব্যক্তির হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও কৃষকদলের নেতাকর্মীরা।