https://npbnews.com/bangladesh-news/tangail/20405#:~:text=%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87%20%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%9F%20%E0%A6%AA%E0%A7%87%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%87%2C%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0%20%E0%A7%A8%20%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%20%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95
টাঙ্গাইলের ঘাটাইলে এক ভোট কেন্দ্রে হামলা চালিয়ে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরবিহীন ২ শতাধিক ব্যালট পেপার ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় বিএনপির দুই কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের সরাবাড়ী ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, মৃত আ. মোতালেব মাস্টারের ছেলে মান্নান হোসেস এবং একই এলাকার মৃত নওশের আলীর ছেলে আলমগীর হোসেন।
স্থানীয়রা জানান, মান্নন ধানের শীষ প্রতীকের একজন কর্মী। এর আগেও নির্বাচনী আচরণ লঙন করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন।
সরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা খাইরুল বাসার বলেন, সকাল থেকেই ভোট সুষ্ঠুভাবে হচ্ছিল। হঠাৎ কয়েকজন এসে কেন্দ্রে হামলা করে। পরে তারা সহকারী প্রিজাইডিংয়ের স্বাক্ষর ছাড়া ২ শতাধিক ব্যালটের বই ছিনতাই করে নিয়ে যায়। তিনি বলেন, তারা ধানের শীষের লোক বলে জানা গেছে। পরে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের ব্যালট নেওয়ার সময় দেখা গিয়েছিল বলে দায়িত্বরত পুলিশ সদস্য শনাক্ত করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান জানান, ব্যালট পেপার ছিনতাই সন্দেহে স্থানীয় দুইজনকে আটক করা হয়। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় মান্নান নামের একজনকে ৬ মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরাধ না থাকায় অপর ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবু সাঈদ জানান, ব্যালটপেপার ছিনতাইকালে স্থানীয় দুই ব্যক্তিকে আটক করেন সেনাবাহিনী। পরে তাদেরকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।