‘আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন’
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের চর ইসলামপুর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এক নারী ভোটারকে জোরপূর্বক ‘না’ ভোট দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে ধানের শীষ প্রতীকের এক এজেন্টের বিরুদ্ধে। এসময় অভিযুক্ত মুজিবুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "আমার ভূল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন।"
বৃহস্পতিবার বিকেল ভোটগ্রহণের শেষের দিকে ৪টা ২৫ মিনিটে সাংবাদিকদের উপস্থিতিতে এ অভিযোগ করেন শাপলাকলি প্রতীকের এজেন্ট জরিনা বেগম। তিনি জানান, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ধানের শীষ প্রতীকের এজেন্ট মুজিবুর রহমান এক নারী ভোটারকে গোপন কক্ষে গিয়ে ভোট দিতে বাঁধ দিয়ে তার সামনে ধানের শীষ ও গণভোটে 'হ্যা' ভোট দিতে গেলে তাকে জোরপূর্বক ‘না’ ভোট দিতে বাধ্য করেন।
জরিনা বেগম আরও অভিযোগ করেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারকে অবহিত করা হলেও তিনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি।
উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধানের শীষের এজেন্ট মুজিবুর রহমান বলেন, "আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন।"
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”