সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
 সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬

"ফ্যামিলি কার্ড" জালিয়াতি থেকে সাবধান: ১৯ নং ওয়ার্ডবাসীকে অভি আহমেদের সতর্কবার্তা

আইকন
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
"ফ্যামিলি কার্ড" জালিয়াতি থেকে সাবধান: ১৯ নং ওয়ার্ডবাসীকে অভি আহমেদের সতর্কবার্তা

রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডসহ পুরো নগরজুড়ে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার একটি অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ব্যক্তিগত তথ্য প্রদান না করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক অভি আহমেদ

এক বিবৃতিতে তিনি জানান, সম্প্রতি কিছু অসাধু চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, যখন রাজশাহী শহরসহ ১৯ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বরাদ্দ দেওয়া হবে, তখন তা শুধুমাত্র সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও প্রশাসনের মাধ্যমেই সম্পন্ন করা হবে। নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হবে—এর বাইরে কোনো ব্যক্তির মাধ্যমে কার্ড করার সুযোগ নেই।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রাজশাহী মহানগরের যুগ্ম-আহ্বায়ক অভি আহমেদ আরও বলেন, "চলুন, আমরা সবাই সচেতন থাকি, অন্যকেও সচেতন করি এবং কোনো গুজব বা বিভ্রান্তিতে কান না দিই।" অসাধু চক্রের যেকোনো তৎপরতা রুখতে এবং সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহ্বান জানান।